যুক্তরাষ্ট্রের চিপ ‘আর নিরাপদ নয়’ : চীন
চীনের শীর্ষ চারটি শিল্প সংগঠন এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, চীনা কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রের চিপ কেনা থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলো এখন আর “নিরাপদ নয়”। তারা স্থানীয়ভাবে উৎপাদিত চিপ ব্যবহারের পরামর্শ দিয়েছে। খবর রয়টার্স।
এই বিবৃতি এমন এক সময়ে এসেছে, যখন চীন ও যুক্তরাষ্ট্র একে অপরের অর্থনীতিকে লক্ষ্য করে নানা পদক্ষেপ নিচ্ছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর অধিক শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন, যা তার আগের মেয়াদে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধকে পুনরুজ্জীবিত করবে।
সোমবার যুক্তরাষ্ট্র চীনের সেমিকন্ডাক্টর শিল্পের বিরুদ্ধে তিন বছরের মধ্যে তৃতীয় বিধিনিষেধ আরোপ করেছে। এতে চীনের ১৪০টি কোম্পানির ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এতে ইন্টেল, এনভিডিয়া এবং এএমডির মতো যুক্তরাষ্ট্রের বড় চিপ নির্মাতা কোম্পানিগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে।
চীনের ইন্টারনেট সোসাইটি তাদের বিবৃতিতে স্থানীয় এবং বিদেশি কোম্পানির তৈরি চিপ ব্যবহারে উৎসাহ দিয়েছে। পাশাপাশি, তারা যুক্তরাষ্ট্রের চিপকে “আর নিরাপদ বা নির্ভরযোগ্য নয়” বলেও মন্তব্য করেছে।
যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বলেছে, “চীনে মার্কিন চিপ ক্রয়ে সীমাবদ্ধতা আরোপের আহ্বান সহায়ক নয়। মার্কিন চিপের নিরাপত্তা নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন”।
এদিকে, মঙ্গলবার চীন বিরল খনিজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এসব খনিজ সামরিক, সৌর সেল এবং ফাইবার অপটিক ক্যাবল তৈরিতে ব্যবহৃত হয়। হোয়াইট হাউস জানিয়েছে, তারা চীনের এই “বলপ্রয়োগমূলক পদক্ষেপ” ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের চিপ নিয়ন্ত্রণ এবং চীনের পাল্টা পদক্ষেপ বিশ্ব প্রযুক্তি সরবরাহ শৃঙ্খলে বড় প্রভাব ফেলতে পারে।
ডিবিটেক/বিএমটি







